রাবিপ্রবি’তে প্রথমবার ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ০৬:১২ পিএম, ২০২৬-০১-০৩

রাবিপ্রবি’তে প্রথমবার ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উদ্যোগে প্রথমবারের মতো ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টা থেকে রাবিপ্রবি ক্যাম্পাসে এ উপলক্ষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পতাকা উত্তোলনের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বছরজুড়ে নানা কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রমের সঙ্গে রাঙ্গামাটি জেলার শিক্ষার্থীদের যুক্ত করে দেওয়া হবে, যাতে তারা বিজ্ঞান চর্চায় আরও বেশি আগ্রহী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটি জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবিপ্রবি এই অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’-এর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজ শাখা থেকে মোট ২১৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

এর মধ্যে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল পর্যায় থেকে ১১৪ জন এবং কলেজ পর্যায় থেকে ৪৩ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন শেষে আজ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–২-এর সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ আয়োজনের দায়িত্বে ছিলেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী আহ্বায়ক হিসেবে এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।