মানবিক উদ্যোগে লংগদু জোনের শীতবস্ত্র বিতরণ


গোলামুর রহমান-লংগদু    |    ১২:৪১ পিএম, ২০২৫-১২-২৪

মানবিক উদ্যোগে লংগদু জোনের শীতবস্ত্র বিতরণ

পৌষের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

এই শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের অধীন লংগদু জোন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলার হেলিপ্যাড মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অসহায় পরিবারের মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্রগুলো বিতরণ করেন লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তারই অংশ হিসেবে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে লংগদু জোন এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

আগামীতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী অসহায় পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ভুয়সী প্রশংসা করেন।