কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৭ পিএম, ২০২৫-১১-৩০

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ নতুন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সঞ্চালনা করেন উ সং বাই মারমা। সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ারের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।

তিনি বলেন, “চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম দীর্ঘদিন ধরে সুনামের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। তৃণমূল পর্যায়ে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন।

প্রকল্পের মাধ্যমে জনগণ আরও বেশি সেবা পাবে বলে আমি আশা করছি। একই সঙ্গে আমি এই ধরনের অবহিতকরণ সভা ইউনিয়ন পর্যায়ে আয়োজনের আহ্বান জানাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন।

সভায় ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন সেবার পরিচয় প্রদান করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

এসময় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা, তিন উপজেলার সংবাদকর্মী, এনজিওকর্মী, হেডম্যান, কারবারি ও প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।