৭ম সাবাংগী মেলা রাঙামাটিতে শুরু


মেহেদী হাসান    |    ০৭:৫৪ পিএম, ২০২৫-১১-০৬

৭ম সাবাংগী মেলা রাঙামাটিতে শুরু

রাঙামাটি: পাহাড়ি নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৭ম সাবাংগী মেলা।

বৃহস্পতিবার বিকেলে সাবারাং রেস্টুরেন্টের মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির উদ্যোগে এ মেলায় ২৭টি স্টল বসানো হয়েছে। সেরা উদ্যোক্তা হিসেবে দুইজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।

মেলায় বাঁশ ও বেতের নান্দনিক পণ্য, হাতে তৈরি প্রাকৃতিক সৌন্দর্য পণ্য, কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার, পাহাড়ি ট্রেডিশনাল পোশাক, কোমর তাতের বস্ত্রপণ্যসহ পাহাড়ি খাবারের প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়েছে।

‘সাবাংগী’ চাকমা শব্দের বাংলা অর্থ ‘এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী’।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমা ও অন্যান্য অতিথিবৃন্দ।

নারী উদ্যোক্তা রেনেসা চাকমা বলেন, “নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারেন—এ বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই আমাদের মূল লক্ষ্য।”