রাবিপ্রবি’তে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ০৭:৪৪ পিএম, ২০২৫-১১-০৬

রাবিপ্রবি’তে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর যৌথ উদ্যোগে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই সেমিনার আজ, ৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ, বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। এছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন।

উদ্বোধনী বক্তব্যে রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জুনাইদ কবির অতিথিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান।

তিনি নোবিপ্রবি’র বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে অর্জিত সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “আমরা আশা করি নোবিপ্রবি’র পথ অনুসরণ করে রাবিপ্রবিও অদূর ভবিষ্যতে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে স্থান করবে।

আজকের সেমিনার থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এরপর রাবিপ্রবি’র রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন আরআইএমসি’র কার্যক্রম ও ফাংশন তুলে ধরেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে উত্তরণ ঘটাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধাভিত্তিক কার্যক্রম তুলে ধরতে কিভাবে এগোতে হবে তার প্রক্রিয়াগত বিষয়াবলী।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন। তিনি বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে উত্তীর্ণ করার আন্তর্জাতিক প্রক্রিয়া ও পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের প্রয়োজনীয়তা, শিক্ষার্থী ও সমাজে তার প্রভাব, কিউএস এশিয়া ও কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং, কিউ-১ ও কিউ-২ গবেষণা এবং প্যাটেন্ট তৈরির বিষয়গুলো তিনি প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন।

তিনি উল্লেখ করেন, সকল বিভাগ, দপ্তর, শিক্ষার্থী ও অ্যালামনাইদের সহায়তায় ডেটা সংগ্রহ ও গুণগতমান সমৃদ্ধ গবেষণা কার্যক্রমের মাধ্যমে কীভাবে বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া সম্ভব। পাশাপাশি, এই প্রক্রিয়ার চ্যালেঞ্জ ও প্রতিকূলতাও স্পষ্ট করেন।

বিশেষ অতিথি নোবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক রাবিপ্রবির নান্দনিক পরিবেশের প্রশংসা করেন এবং পূর্বের তুলনায় বর্তমান অবকাঠামোগত অগ্রগতির ওপর সন্তোষ প্রকাশ করেন।

তিনি নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং অর্জনের পদ্ধতি ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়কে সফলতার পথে এগিয়ে নেওয়ার জন্য সহযোগী মনোভাবের গুরুত্ব তিনবার জোর দিয়ে উল্লেখ করেন।

সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “সুষ্ঠু পরিকল্পনা ও সততার সাথে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয়।

পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ব্যবহার করে রাবিপ্রবি একটি অনন্য বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে পারবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে স্থান করার জন্য একযোগে কাজ করার আহবান জানান।

সভাপতি ও রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “রাবিপ্রবিকে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য কাজের সূচনা আজ আমরা করেছি। ইতোমধ্যেই আরআইএমসি, আইকিউএসি, আরআইসি তৈরি করা হয়েছে। আরও কিছু প্রকল্প যেমন ‘ট্যুরিজম হাব’, ‘রিসার্চ এন্ড ইনোভেশন হাব’ প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকীকরণ এবং পরীক্ষা দপ্তরের অটোমেশন কার্যক্রমও চলমান। এগুলো সম্পন্ন করে আমরা ক্রমান্বয়ে র‌্যাঙ্কিংয়ের দিকে এগোচ্ছি।” তিনি শিক্ষকদের পিএইচডি অর্জনের গুরুত্বের উপর জোর দেন এবং সকলকে একটি দলগত প্রচেষ্টায় কাজ করার আহ্বান জানান।

এছাড়া তিনি ক্যাম্পাসে মেগাশপ ও পার্বত্য অঞ্চলের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা ব্যক্ত করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরাসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

সেমিনারটি শিক্ষকদের, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং শিক্ষণীয় হয়। বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া বিষয়ে প্রাপ্ত দিকনির্দেশনা ও অভিজ্ঞতা রাবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।