খেলাধুলায় সম্প্রীতির সেতুবন্ধনে রাঙামাটি পুলিশ


মেহেদী হাসান    |    ০৭:৩০ পিএম, ২০২৫-১০-২৮

খেলাধুলায় সম্প্রীতির সেতুবন্ধনে রাঙামাটি পুলিশ

রাঙামাটি পার্বত্য জেলায় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে জেলা পুলিশের উদ্যোগে খেলাধুলা প্রতিযোগিতা সফলভাবে সম্পাদনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় আসন্ন ০২ ও ০৩ নভেম্বর মিনি ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাঙামাটি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা খেলাধুলা প্রতিযোগিতার সফল আয়োজন ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশ প্রশাসনের এ ধরনের ইতিবাচক উদ্যোগ পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর মাঝে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।