সেরা গোলকিপার রুপনা চাকমার বাড়ি যাওয়ার পথে নানিয়ারচরে সচিবের সেতু পরিদর্শন


মাহাদি বিন সুলতান    |    ০৮:২১ পিএম, ২০২৫-১০-১৮

সেরা গোলকিপার রুপনা চাকমার বাড়ি যাওয়ার পথে নানিয়ারচরে সচিবের সেতু পরিদর্শন

এশিয়ার সেরা নারী গোলকিপার রুপনা চাকমার বাড়ি যাওয়ার পথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম এলাকার সেচ ড্রেইন, নির্মাণাধীন সেতু, কৈলাসপূর্ণ পাড়া এলাকার তুলা প্লট, রুপনা চাকমার বাড়ি এবং মহাসতিপঠান ধুতাঙ্গ অরন্য সাধনা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, পরিকল্পনা ও তুলা চাষ প্রকল্পের পরিচালক মোঃ জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, থানার ওসি মো. নাজির আলম, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান অমল কান্তি চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান'সহ স্থানীয় ইউপি সদস্য ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

পরিদর্শনকালে সচিব আব্দুল খালেক সুফলভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন,
“পার্বত্য অঞ্চলে কৃষি উন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগ চলমান আছে। নানিয়ারচরের মাটি যেন সোনার মতো উর্বর—এখানে ফলনও ভালো হয়। তিন পার্বত্য জেলার কৃষি খাতে প্রতি বছর অন্তত ৪০ শতাংশ বাজেট বরাদ্দ রাখার জন্য আমরা জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি, তারা ইতিবাচক সাড়া দিয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে, আর সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় পাহাড়ে কৃষিতে বিপ্লব ঘটবে।”