অসুস্থ সঙ্গীতশিল্পী ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৯ পিএম, ২০২৫-১০-০৯

অসুস্থ সঙ্গীতশিল্পী ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় সংবাদ সম্মেলন

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তার জন্য সংবাদ সম্মেলন করেছে কাপ্তাই শিল্পকলা একাডেমি।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে একাডেমির যুগ্ম সম্পাদক ও ‘চ্যারিটি শো’ আয়োজক কমিটির আহ্বায়ক শিল্পী আনিছুর রহমান জানান, কাপ্তাই উপজেলার সংগীত জগতের গুণী শিক্ষক ফনিন্দ্র লাল ত্রিপুরা কিডনি রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর চিকিৎসা সহায়তার লক্ষ্যে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শীর্ষক একটি চ্যারিটি শো আগামী ১৫ অক্টোবর, বুধবার বিকেল ৪টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একাডেমির যুগ্ম সম্পাদক ও চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, বেতার ও টিভি শিল্পী মো. রফিক, এবং চ্যারিটি শো-র সদস্য সচিব মংচাই মারমা প্রমুখ।

চ্যারিটি শো-তে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার জি বাংলা ‘সারেগামাপা’ খ্যাত শিল্পী চট্টগ্রামের শুভ দাশ, চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পী ও বেতার-টিভি শিল্পী রাজেশ সাহা, কণ্ঠশিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু, এবং কাপ্তাই শিল্পকলা একাডেমির শিল্পী মো. রফিক, রওশন শরীফ তানি ও তামান্না ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন,একজন গুণী শিল্পীর চিকিৎসায় মানবিক সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি চ্যারিটি শো-তে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”