রাঙামাটিতে ইফা’র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৫ পিএম, ২০২৫-১০-০৮

রাঙামাটিতে ইফা’র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।

ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, মেডিকেল অফিসার ডা. কে. এম. আব্দুল্লাহ আল মামুন, জেলা ইপিআই প্রতিনিধি সাইফুল ইসলামসহ জেলা পর্যায়ের প্রায় অর্ধশত ধর্মীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক ব্যাধি, যা টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। শিশুদের সুরক্ষায় এই টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বাড়াতে আলেম-ওলামাদের ভূমিকা অপরিহার্য—তাদের সহযোগিতায় সচেতনতা বাড়বে এবং টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বক্তারা আরও জানান, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে ৭ হাজার জন মৃত্যুবরণ করেন। সরকার ইতোমধ্যে টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে রাঙামাটিতে আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস বয়স থেকে নবম শ্রেণি পর্যন্ত (১৫ বছর বয়সী) শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান শুরু হবে।