গুণী শিক্ষক-২০২৫ সম্মাননা পেলেন রাঙামাটির ইফফাত জাহান


সিয়াম    |    ০৫:১০ পিএম, ২০২৫-১০-০৭

গুণী শিক্ষক-২০২৫ সম্মাননা পেলেন রাঙামাটির ইফফাত জাহান

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গুণী শিক্ষক-২০২৫’ সম্মাননা পেয়েছেন রাঙামাটির শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত জাহান।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা বিভাগে (সাধারণ) শ্রেণিতে “গুণী শিক্ষক-২০২৫” হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আবরার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, ইউনেসকোর ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ এবং আইসেসকোর মহাপরিচালক ড. সেলিম এম. আল মালিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। তিনি জানান, ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৫’-এর আলোকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ১২ জন শিক্ষককে এবার গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষককে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল, যাদের মধ্যে থেকে চূড়ান্তভাবে ১২ জনকে নির্বাচিত করা হয়।

প্রাথমিক শিক্ষা স্তরে সম্মাননা পান রাঙামাটির ইফফাত জাহান। এছাড়া মাদরাসা, কারিগরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের অন্যান্য শিক্ষকরা সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন পাবনা কামিল মাদরাসার মো. রিজাউল করিম, মৌলভীবাজারের দাখিল মাদরাসার মো. আব্দুর রহিম, নেত্রকোনার কারিগরি বিদ্যালয়ের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, এবং ময়মনসিংহের রওশন আরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার।

উচ্চশিক্ষা পর্যায়ে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল হালিম, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়া মরণোত্তরভাবে সম্মাননা পান বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শমশের আলী।

ইফফাত জাহান শুধু শিক্ষকই নন, তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের একজন সঞ্চালক ও কথিকা শিল্পী হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাঙামাটির বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের কনিষ্ঠ কন্যা এবং রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মু. শাব্বির আহমদের সহধর্মিণী। তাঁদের দুই কন্যা ইয়াশনা আহমেদ ও ইয়াশফা আহমেদ রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।

২০০৭ সালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ইফফাত জাহান।

‘গুণী শিক্ষক-২০২৫’ নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় ইফফাত জাহান বলেন,
“মহান আল্লাহর রহমত ও মানুষের দোয়া এবং ভালোবাসাতেই আমার এই প্রাপ্তি। উপজেলা, জেলা, বিভাগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা, আমার প্রধান শিক্ষক, সহকর্মী, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মনে করি, এই অর্জন শুধু আমার নয়—এটি রাঙামাটি পার্বত্য জেলার মানুষের সম্মিলিত অর্জন। শিক্ষা ক্ষেত্রে আরও অবদান রাখতে সবার দোয়া কামনা করছি।”