ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটিতে আলোচনা ও মিলাদ মাহফিল


অহিদুল ইসলাম অভি    |    ০৩:৩৫ পিএম, ২০২৫-০৯-২৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটিতে আলোচনা ও মিলাদ মাহফিল

মেহেদী হাসান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙামাটি জেলার সভাপতি পেয়ার আহমদ। প্রধান আলোচক ছিলেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া।

বক্তব্যে উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরব জাতিকে যে শিক্ষা দিয়েছিলেন তা বিশ্বের সকল জাতির জন্য অনুকরণীয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে আত্মাকে আলোকিত করা।

সদর উপজেলার সাধারণ কেয়ারটেকার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও বন আবাসিক এলাকার বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, রূপনগর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন, বানানী হাউজিং কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ।

আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।