টানা বর্ষণে সড়ক ধসে রাঙামাটির-বান্দরবান রুটে যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৪ পিএম, ২০২৪-০৮-১৮

টানা বর্ষণে সড়ক ধসে রাঙামাটির-বান্দরবান রুটে যান চলাচল বন্ধ

কয়েকদিনের টানাবৃষ্টিতে পার্বত্য রাঙামাটির জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। ভারী বর্ষণের ফলে রোববার সকাল থেকেই অত্রাঞ্চলের রাঙামাটি বড়ইছড়ি রুটে সড়ক ধসে রাঙামাটি-বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যানবাজন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃষ্টিপাতের ফলে পানির ¯্রােতে সড়কের বিশাল একটি অংশ ভেঙ্গে গেলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সড়কটি মেরামতের কাজ রোববার দুপুরের মধ্যেই শুরুর কথা জানিয়েছেন। তিনি জানান, পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হবে। দ্রুততম সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এদিকে, চলমান ভারী বর্ষণে রাঙামাটির অভ্যন্তরীণ সড়কগুলোতে বেশ কয়েকটি এলাকায় ছোট বড় মাটি ধসের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ছে আতঙ্ক। টানা বর্ষণে পানির স্রোতে পাহাড়ের মাটি নরম হয়ে এই ঘটনা ঘটেছে। সেইসাথে কিছু কিছু সড়কে পানি জমাট হয়ে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।


স্থানীয়রা জানান, টানাবর্ষণ অব্যাহত থাকলে পাহাড় ধসের ঝুঁকি বাড়বে। এতে করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বিপদ হতে পারে। পানির স্রোতে মাটি সরে গিয়ে বিভিন্ন সড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। এসব জায়গায় দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন না হলে যান চলাচল বন্ধ হয়ে যাবে।