হরতালের বিরুদ্ধে রাঙামাটি শহরে আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৫ এএম, ২০২৩-১০-২৯

হরতালের বিরুদ্ধে রাঙামাটি শহরে আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বিএনপির ডাকা রোববার সারাদেশে সকাল- সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। 

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বরের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় রাঙামাটি পৌর চত্বর থেকে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্পে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মুছা মাতব্বর রোববার রাঙামাটিতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্যেও সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি জানান, আগামীকাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, বিএনপি হরতালের নামে যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।