হিজাব নিয়ে শিক্ষিকার কটুক্তিতে সৃষ্ট পরিস্থিতির সমাধানে জেলা প্রশাসকের উদ্যোগ


আলমগীর মানিক    |    ০১:১৪ এএম, ২০২৩-০৯-০১

হিজাব নিয়ে শিক্ষিকার কটুক্তিতে সৃষ্ট পরিস্থিতির সমাধানে জেলা প্রশাসকের উদ্যোগ

আলমগীর মানিক

রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শ্রেণী শিক্ষিকা কর্তৃক শিক্ষার্থীদের হিজাব জোরপূর্বক খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র উদ্বুব্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে উক্ত বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসকসহ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার রাতে মুঠোফোনের মাধ্যমে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সরেজমিনে পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট্য সহকারী শিক্ষিকা দিপিকা দেওয়ানসহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের বক্তব্য শুনেন।

এসময় জেলা প্রশাসকের কাছে উক্ত সহকারী শিক্ষিকা তার অনাকাঙ্খিত আচরনের জন্য দুঃখ প্রকাশ করে অদূর ভবিষ্যতে এই ধরনের কাজ আর না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

পরবর্তীতে জেলা প্রশাসক নিজেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে বিষয়টি তুলে ধরে বলেন, পিতা-মাতা দোষ করলে সন্তানরা এর বিচার করতে যেমন পারেনা, তেমনি সন্মানিত শিক্ষকরাও শিক্ষার্থীদের কাছে পিতা-মাতার সমতুল্য। এই ক্ষেত্রে অনাকাঙ্খিত এই দুঃখজনক বিষয়টি নিয়ে উভয় পক্ষকেই শান্তিপূর্ন অবস্থান বজায় রাখার আহবান জানিয়েছেন। 

এরআগে উক্ত শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক উক্ত শিক্ষিকাকে নোটিশের মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক। 

প্রসঙ্গত: ৩১/০৮/২০২৩ ইং তারিখে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে নুর মোহাম্মদ নামের একজন অভিভাবক লিখিত অভিযোগের মাধ্যমে উল্লেখ করেন, আমার মেয়ে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী। তারই শ্রেণীর শিক্ষিকা দিপালী দেওয়ান ইসলাম ধর্মের বিধান নিয়ে তথা হিজাব নিয়ে বিদ্যালয়ে না আসতে এবং হিজাব পড়লে মাদ্রাসায় ভর্তি হওয়ার কথাও বলেছেন। বিষয়টি ধর্মীয় অনূভূতিতে আঘাতের সামিল। 

সবার ধর্মই সকলের কাছে সমান। এরপরও মেয়েরা বিদ্যালয়ে হিজাব পড়ে গেলে উক্ত শিক্ষিকা মেয়েদের জোরপূর্বক মারধরের ভয় দেখিয়ে হিজাব খুলে ফেলতে বাধ্য করেছেন। জেলা প্রশাসকের কাছে প্রেরিত উক্ত আবেদনে উক্ত শিক্ষিকা দিপালী দেওয়ানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন অভিভাবক নুর মোহাম্মদ।