৪র্থ পর্যায়ে রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ পেলেন ২১৩টি পরিবার


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫০ পিএম, ২০২৩-০৮-০৯

৪র্থ পর্যায়ে রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ পেলেন ২১৩টি পরিবার

 মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার ৬টি উপজেলায় মোট ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।  বুধবার (৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর করেন।  রাঙ্গামাটি প্রান্তে কাউখালী উপজেলার ৪৯ জন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
কাউখালী উপজেলা হল রুমে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলামসহ কাউখালী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, রাঙ্গামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা সর্বমোট ৪ হাজার ৫৩৪টি। মুজিববর্ষে জেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (১ম ধাপে) ১ হাজার ৯১৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আজ ৯ আগস্ট আরো ২১৩টি ঘর হস্তান্তর করা হয়।