বাঙ্গালহালিয়ায় আগুনে পুড়ে এনজিও কর্মকর্তা নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ১১:১৪ পিএম, ২০২০-১১-০২

বাঙ্গালহালিয়ায় আগুনে পুড়ে এনজিও কর্মকর্তা নিহত

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া বাজার রহস্যজনক আগুনে পুড়ে মারা গেছে এক এনজিও কর্মকর্তা। সাবলেটে ভাড়ায় থাকা নিজ বাসার টয়লেটের মধ্যেই সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার সময় আগুনে পুড়ে নির্মমভাবে মারা যাওয়া ব্যক্তির নাম সেকান্দর মিয়া।

তিনি বাঙ্গালহালিয়াস্থ গ্রামীন ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয়ভাবে জানাগেছে। নিহত ব্যক্তি বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে পশ্চিম বৈলতলী গ্রামের বাসিন্দা আব্দুল গনির পুত্র। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। 

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১০টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণ হয়। এ সময় বেসরকারি এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখায় কর্মরত কর্মচারী সেকান্দার হোসেন ঘটনাস্থলে নিহত হন। পুলিশের একটি টিম ঘটনাস্থলের পথে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।