ঘিলাছড়িতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে গৃহবধূ নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৯ এএম, ২০২২-০৫-২৬

ঘিলাছড়িতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে গৃহবধূ নিহত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় পপি চাকমা নামের এক গৃহবধু নিহত হয়েছে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ মে) রাত ৯টার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কলগপাড়া সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের বাসিন্দা বলে জানাগেছে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানের কাজ শেষে মোটর সাইকেলে করে স্বামী ওলবিন চাকমার সাথে ফিরছিলেন পপি চাকমা। ঘিলাছড়ি এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে ট্রাকের ধাক্কায় পপি চাকমা মারা যান। তার স্বামী ওলবিন চাকমা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানিয়েছেন, ঘিলাছড়ি বাজারের একটু পড়ে যাত্রী ছাউনি রয়েছে। সেখানে রাত ৯টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।