রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম ইন্তেকাল করেছেন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৬ এএম, ২০২২-০৪-২২

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম ইন্তেকাল করেছেন

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে মাথায় টিউমারজনিত কারণে চিকিৎসাধীন এই নেতার রোগ এক পর্যায়ে ক্যান্সারে রূপান্তরিত হয়েছিলো বলে জানাগেছে।
 
রাঙামাটি বিএনপির সভাপতি শাহ আলমের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। এসময় বিএনপির নেতৃবৃন্দ প্রয়াত বিএনপি নেতা শাহ আলমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
এদিকে জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরীর কাপাসগোলা জামতলা জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাঙামাটি এনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

 উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা(জন্মসূত্রে) রাঙামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙামাটি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এদিকে, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
 
বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।