খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময়


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ১০:৫২ পিএম, ২০২১-০২-০৬

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময়

খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের উদ্যোগে ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথি বলেন, খাগড়াছড়ি জেলার ত্রিপুরা জনগোষ্ঠীদের মৌলিক চাহিদাসহ সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের মাধ্যমে পরিকল্পনামাফিক তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর পার্বত্য জেলা পরিষদ। এছাড়াও তিনি ত্রিপুরাদের বিভিন্ন গ্রন্থ প্রকাশনা ও সাংস্কৃতিক চর্চার জন্য সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য যথাক্রমে পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা ও হিরণ জয় ত্রিপুরা, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক বিবিৎসু ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরাসহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও শিক্ষক, বুদ্ধিজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।