একনেকে সবুজ সংকেত, প্রশস্ত হচ্ছে রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়ক


আজগর আলী খান    |    ১০:৩৭ পিএম, ২০২৬-০৯-১৮

একনেকে সবুজ সংকেত, প্রশস্ত হচ্ছে রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়ক

রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়নের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। প্রায় ১৯ কিলোমিটার সড়ক উন্নয়নে ৭৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সভায় চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে রাঙামাটি জেলার একাধিক সড়ক উন্নয়নের অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়কের উন্নয়ন প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়কের প্রায় ১৯ কিলোমিটার অংশকে বর্তমান অবস্থা থেকে আরও প্রশস্ত ও উন্নত মানের সড়কে রূপান্তর করা হবে।

এতে শুধু সড়কের প্রস্থ বৃদ্ধি নয়, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও সম্পন্ন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের প্রশস্তকরণ সম্পন্ন হলে রাঙামাটির সঙ্গে বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ আরও কার্যকর ও গতিশীল হবে।

পাশাপাশি যাতায়াতের সময় কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত হবে।

এছাড়া উন্নত সড়ক অবকাঠামো রাজস্থলীর সীমান্তবর্তী এলাকায় পর্যটন বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়কের সৌন্দর্যবর্ধন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা পর্যটকদের আরও আকৃষ্ট করবে, যা স্থানীয় অর্থনীতির জন্যও সুফল বয়ে আনবে।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, চট্টগ্রাম সড়ক জোনের আওতায় রাঙামাটি জেলার তিনটি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হচ্ছে।

তিনি জানান, রাঙামাটি সড়ক বিভাগের অধীন বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক এবং রানীরহাট-কাউখালী সড়ক বর্তমান ১২ ফুট প্রস্থ থেকে ১৮ ফুটে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, "সড়কের যথাযথ মান ও প্রশস্তকরণসহ সব কাজ সম্পন্ন হলে এসব সড়ক টেকসই অবকাঠামোয় পরিণত হবে।

এর ফলে রাঙামাটি জেলায় নিরবচ্ছিন্ন, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা হবে।

একই সঙ্গে রাজস্থলী উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।"

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে রাজস্থলীর মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং পর্যটন খাতেও নতুন গতি সৃষ্টি হবে।