ছোট্ট সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৯ এএম, ২০২৬-০৮-১৭

ছোট্ট সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম হলেও পানিতে তলিয়ে গেছেন সালাম (২৮) নামে এক বাবা। পরে একটি ট্রলারের সহায়তায় শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও রোববার রাত পর্যন্ত নিখোঁজ রয়েছেন সালাম।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সালাম মাইনী বাজার থেকে চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ সৃষ্টি হয়। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম। এ সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে শিশুটিকে উদ্ধারের আগেই সালাম পানিতে তলিয়ে যান।

পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে সালামের নৌকাটি ডুবে যায়। তাঁর শিশুপুত্রকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।

লংগদু ফায়ার সার্ভিস জানিয়েছে, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয়রাও বিলের পানিতে তল্লাশি চালাচ্ছেন।