পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের রোডম্যাপ দাবি কোটা বিরোধী ঐক্যজোটের


মেহেদী হাসান    |    ১০:৪৬ পিএম, ২০২৬-০২-২২

পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের রোডম্যাপ দাবি কোটা বিরোধী ঐক্যজোটের

পার্বত্য জেলা পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেছে কোটা বিরোধী ঐক্যজোট।

রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে আজ এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় সর্বশেষ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে।

এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে জেলা পরিষদ গঠিত হয়ে আসছে নিয়োগ বা মনোনয়নের ভিত্তিতে।

অথচ জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এ অবস্থায় পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা দুর্বল হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে।

ফলে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা বাধাগ্রস্ত হচ্ছে। একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হলে পাহাড়ে আস্থা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে বলে সংগঠনটির নেতারা মনে করেন।

এছাড়া শিক্ষক নিয়োগসহ শিক্ষা ও চাকরিক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল জনগোষ্ঠীর সমঅধিকার প্রতিষ্ঠার বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

সংগঠনটি জানায়, এসব দাবি বাস্তবায়নে তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি অব্যাহত রাখবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ, মো. ইব্রাহীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে সরকার দ্রুত একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।