সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান


আলমগীর মানিক    |    ০৭:২১ পিএম, ২০২৬-০২-১৮

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চায় বলেই তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের সরকার সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সাম্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহাবস্থান নিশ্চিত করতে চায়।”

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আইনশৃঙ্খলা রক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ জোরদারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক অঞ্চল।

এখানে সকল সম্প্রদায়ের সমঅধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।

উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।