রাঙামাটিতে দীপেন দেওয়ানের সূধী সমাবেশ, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার


আলমগীর মানিক    |    ০৬:২০ পিএম, ২০২৬-০২-০৮

রাঙামাটিতে দীপেন দেওয়ানের সূধী সমাবেশ, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ২৯৯–রাঙামাটি আসনে সম্প্রীতি, উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের উদ্যোগে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টা সময়ে রাজবাড়ী রোডস্থ সাবারাং রেস্টুরেন্টে এ সূধী সমাবেশের আয়োজন করা হয়।

রাঙামাটি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, শিক্ষা-সংস্কৃতির প্রসার এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান।

তিনি উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তাঁদের সমর্থন, উপদেশ ও পরামর্শ কামনা করেন।

একই সঙ্গে তিনি সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ রাঙামাটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, একুশে পদকপ্রাপ্ত মৃৎশিল্পী মৃক্তিকা চাকমা, বিশিষ্ট সংস্কৃতিকর্মী রঞ্জিত দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুকুমার দেওয়ান, সাবেক শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের সচিব বিনয় কৃজ্ঞ চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ লতিকা দেওয়ান এবং রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দিপু)সহ প্রায় দুই শতাধিক বিশিষ্টজন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগত অতিথিরা রাঙামাটির সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।