রাবার বাগান থেকে শ্রমিক অপহরণ, মুক্তিপণে ছাড়ল ইউপিডিএফ


বান্দরবান    |    ০৭:১২ পিএম, ২০২৬-০১-০৮

রাবার বাগান থেকে শ্রমিক অপহরণ, মুক্তিপণে ছাড়ল ইউপিডিএফ

বান্দরবানের তালুকদার পাড়া এলাকা থেকে দুইজন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বান্দরবান সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় অবস্থিত একটি রাবার বাগানে।

অপহৃত শ্রমিকরা হলেন—নুরুল কবির ও মো. কামাল। তারা দুজনই বাঙালি শ্রমিক এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সশস্ত্র সন্ত্রাসীরা ওই রাবার বাগানে ঢুকে শ্রমিক নুরুল কবির ও মো. কামালকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

এ সময় অপহরণকারীরা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হলে রাবার বাগানসংলগ্ন ঘরবাড়ি ও বাগান জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।

অভিযোগ রয়েছে, অপহরণের পর দুই শ্রমিককে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পরে দীর্ঘ দরকষাকষির পর নগদ ২ হাজার টাকা ও বিকাশে ২ হাজার টাকা—মোট ৪ হাজার টাকা এবং একটি সিম কার্ডের বিনিময়ে অপহৃত দুই শ্রমিককে মুক্তি দেয় ইউপিডিএফের সদস্যরা।

এ ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার এমন ঘটনার কারণে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত অভিযান চালিয়ে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।