২৯৯ আসনে জামায়াত প্রার্থীর গণজাগরণ: শান্তি–উন্নয়নের জোর প্রতিশ্রুতি


মেহেদী হাসান    |    ০৬:৪৮ পিএম, ২০২৫-১২-০৯

২৯৯ আসনে জামায়াত প্রার্থীর গণজাগরণ: শান্তি–উন্নয়নের জোর প্রতিশ্রুতি

রাঙামাটি–২৯৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমেদ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।

তিনি বাজার, ঘরবাড়ি, পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যাবলী শোনেন এবং সাংগঠনিক প্রচারণা চালান।

গণসংযোগে এডভোকেট মোখতার আহমেদ বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

তিনি পাহাড়ের দীর্ঘদিনের অস্থিরতা দূর করে সমন্বিত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন হবে সমতাভিত্তিক—পাহাড়ের মানুষ কোনোভাবেই বৈষম্যের শিকার হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিলাইছড়ি–কাপ্তাইসহ পুরো রাঙামাটি জেলায় রাস্তা, সেতু, কালভার্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং অবহেলিত এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি রক্ষা করে সকল মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

দিনব্যাপী এই প্রচারণায় তিনি বিলাইছড়ি বাজার, ধুপ্পারছড়, দিঘলছড়ি, কেংড়াছড়ি বাজার ও কেংড়াছড়ি পূর্ব পাড়াসহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন।

এ সময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ হারুনুর রশীদ এবং বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মো. মাহামুদ হোসাইন।

গণসংযোগে স্থানীয় হেডম্যান, কার্বারী, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তারা প্রার্থীকে তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা জানান।

দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে বিলাইছড়ি ও আশপাশের এলাকায় এক প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়।