পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ক্ষতিগ্রস্তদের এককালীন সহায়তা বিতরণ


আল মামুন    |    ০৬:০৪ পিএম, ২০২৫-১১-২৫

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ক্ষতিগ্রস্তদের এককালীন সহায়তা বিতরণ

খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে এককালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে পরিষদ হলরুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

এতে ৩৮ জনকে মোট ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি বজায় রাখতে সম্প্রীতির কোনো বিকল্প নেই। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতার সম্পর্ক অটুট থাকলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, অপ্রীতিকর কোনো ঘটনা পাহাড়ে শান্তির পরিবেশকে নষ্ট করে দেয়। এতে সহিংসতার বদলে অশান্তির বিষবাষ্প ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই ক্ষতির মুখে পড়েন।

তাই শান্তির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন। বক্তব্য রাখেন ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক নিটোল মণি চাকমা, পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা ও শহিদুল ইসলাম সুমন প্রমুখ।