পাহাড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রুখতে রাজপথে থাকার ঘোষণা রাঙামাটি বিএনপির


আলমগীর মানিক    |    ০৫:২৪ পিএম, ২০২৬-১১-১৯

পাহাড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রুখতে রাজপথে থাকার ঘোষণা রাঙামাটি বিএনপির

আলমগীর মানিক

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজপথে সরব হয়েছে রাঙামাটি জেলা বিএনপি। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাঙামাটি শহরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করছেন, তখন পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শেখ হাসিনার অডিও বার্তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। এ ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘আমাদের উদারতাকে কেউ দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই। সে কারণেই আমরা ছাড় দিচ্ছি। তাই বলে মনে করবেন না, সবকিছু ছেড়ে দিয়েছি। বাড়াবাড়ি করলে তার চরম মূল্য দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেখানে নৈরাজ্য দেখবেন, আওয়ামী সন্ত্রাস দেখবেন, সেখানেই নিজ দায়িত্বে তা প্রতিহত করবেন।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার রাতের ভোট কিংবা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি; জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

সমাবেশ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান জেলা বিএনপির এই নেতা।