রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব ১০ পরিবার, পাশে দাঁড়ালেন জেলা পরিষদ সদস্য ত্রিমতি খিয়াং


আজগর আলী খান    |    ০২:৪২ পিএম, ২০২৬-১১-১৬

রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব ১০ পরিবার, পাশে দাঁড়ালেন জেলা পরিষদ সদস্য ত্রিমতি খিয়াং

রাঙামাটির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিমতি খিয়াং। তাঁর ব্যক্তিগত উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমছড়া পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০টি পরিবারের বসতঘর ও বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য ত্রিমতি খিয়াং। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন।

এ মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করেছে। এ সময় স্থানীয় জনগণ জেলা পরিষদ সদস্যের এমন আন্তরিক সহযোগিতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রিমতি খিয়াং বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার বিষয়টি জেলা পরিষদে উপস্থাপন করা হবে। পাশাপাশি আগামীতে জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা, মৎস্যজীবী দলের সভাপতি মিধুসে মারমা, জহির আহম্মদ, চিংথোয়াই খিয়াং, নুরুনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।