রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার


আলমগীর মানিক    |    ১০:১৭ এএম, ২০২৬-০৮-২৪

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

আলমগীর মানিক

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (২৪ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার চারজন হলেন; বাঘাইছড়ির উগলছড়ির মো. ইরফান (১৯), রিজার্ভ বাজারের হাসান আলী (৩৫), তবলছড়ি মসজিদ কলোনীর মো. সুমন (৩৮) এবং তবলছড়ি অফিসার্স কলোনীর মো. মামুন আলম (৩৫)। তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাগর দাশ (৩৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. বাচা (২৯), রিজার্ভ বাজার এলাকার মো. আবুল হাশেম (৩৫), চেঙ্গীরমুখ-নাপ্পিঘাটা এলাকার মো. আমির হোসেন (৩৯) এবং রিজার্ভমুখ এলাকার প্রদীপ দে (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে রাঙামাটি সদর উপজেলার ওমদামিয়া পাহাড় এলাকার ফজলে রাব্বী (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।