রাঙামাটির লংগদুতে আগুনে পুড়ল তিন ফার্নিচার কারখানা, ক্ষতি প্রায় কোটি টাকা


অহিদুল ইসলাম অভি    |    ০৮:৫৮ পিএম, ২০২৬-০৮-০৩

রাঙামাটির লংগদুতে আগুনে পুড়ল তিন ফার্নিচার কারখানা, ক্ষতি প্রায় কোটি টাকা

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে গাঁথাছড়া এলাকার একটি কাঠমিস্ত্রির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে তিনটি ফার্নিচার কারখানা এবং একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, "আমাদের সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট পরিশ্রম করেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা সহযোগিতা করেছে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে।"

তিনি আরও জানান, লংগদু জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।