অহিদুল ইসলাম অভি | ১০:২০ এএম, ২০২৬-০৩-২৭
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে বাজারের একটি গলিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেন। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দীঘিনালা ফায়ার স্টেশনের ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানান, রাতের দিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কাপড়, জুতা, ওষুধ, স্বর্ণের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪ থেকে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, রাত প্রায় ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে আগুন লাগার কারণে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। অনেকের দোকানে বৈসাবি উৎসবকে সামনে রেখে নতুন পণ্য আনা হয়েছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, দীঘিনালা ও বোয়ালখালী বাজারে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বাজার এলাকায় অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে কোনো জলাশয় বা পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়।
উল্লেখ্য, গত দুই বছরেরও কম সময়ে বোয়ালখালী নতুন বাজারে অন্তত চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই বাজারে বারবার আগুন লাগার ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বাজার এলাকায় স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited