রাবিপ্রবি’তে ‘রেড ক্রিসেন্ট বেসিক ও ফার্স্ট এইড’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ০৬:৫৯ পিএম, ২০২৫-১১-০৭

রাবিপ্রবি’তে ‘রেড ক্রিসেন্ট বেসিক ও ফার্স্ট এইড’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাব ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর যৌথ উদ্যোগে ‘রেড ক্রিসেন্ট বেসিক ও ফার্স্ট এইড’ বিষয়ক প্রশিক্ষণ আজ শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর সহ-সভাপতি এস. এম. শফিউল আজম এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণকালে ল্যাবে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেন।

তিনি শিক্ষার্থীদের সতর্ক আচরণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “জীবন অমূল্য; জীবনের বিকল্প নেই। তাই মানবতার পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে থাকতে হবে।”

তিনি রাবিপ্রবি ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নোবিপ্রবি ভ্রমণের আমন্ত্রণ জানান।

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, “রাঙামাটিতে নতুন কমিটি গঠনের পর থেকে আমরা রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্প্রসারণে কাজ করছি।

আজ রাবিপ্রবি ক্যাম্পাসে এ কার্যক্রমের সূচনা হলো। এটি আমাদের অঞ্চলের আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখবে।” তিনি মানবিক প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

রাবিপ্রবি রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের মডারেটর ও প্রক্টর সাদ্দাম হোসেন বলেন, “মানবসেবায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা আমাদের লক্ষ্য। রেড ক্রিসেন্টের এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক দৃষ্টিভঙ্গি আরও বিকশিত করবে।”

তিনি সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “মানুষের সেবা করাই মানুষের মূলনীতি হওয়া উচিত। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা।

” তিনি সংস্থাটির সাতটি মূলনীতি— মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সার্বজনীনতা— নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাবগুলোর কার্যক্রমের জন্য বাজেট সীমাবদ্ধতা সত্ত্বেও সর্বোচ্চ সহায়তা দেয়া হয়। এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে।”

জুলাই ’২৪ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তিনি মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন, “এই অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না।”

তিনি আরও জানান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে শীঘ্রই ‘How to manage guest’ বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ক্যাম্পাসে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও মানবিক কার্যক্রম বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের লিডার জিসান আহমেদ স্বাগত বক্তব্য রাখেন এবং মাননীয় ভাইস-চ্যান্সেলরসহ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

প্রশিক্ষণ পরিচালনা করেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর মোঃ আল মাহমুদ, মোঃ ফাহিম উদ্দীন, মোঃ জাহাঙ্গীর আলম ও রাবিপ্রবি ইয়ুথ ক্লাবের তানভির।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইয়ুথ লিডার জিসান আহমেদ এবং উপস্থাপনা করেন ডেপুটি লিডার উম্মে সালমা লাবণ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।