সুশাসনে বস্তুনিষ্ঠ সংবাদ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা


আইয়ুব চৌধুরী    |    ০৭:৫৩ পিএম, ২০২৫-১১-০৫

সুশাসনে বস্তুনিষ্ঠ সংবাদ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা

রাঙামাটির কাপ্তাইয়ে “গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের আয়োজনে এবং উপজেলা তথ্য অফিসের সহযোগিতায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাইদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, এবং চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং প্রমুখ।

বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও যাচাইযোগ্য সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি।

গণমাধ্যম সমাজের দর্পণ, তাই দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

একইসঙ্গে তথ্য অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করবে বলেও জানান বক্তারা।

সভায় রাজস্থলী, কাপ্তাই ও বিলাইছড়ি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা গুজব প্রতিরোধে তথ্য যাচাই ও জনসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।