কঠিন চীবর দান ঘিরে রাঙামাটিতে কঠোর নিরাপত্তা


মেহেদী হাসান    |    ০৫:১৯ পিএম, ২০২৫-১০-২২

কঠিন চীবর দান ঘিরে রাঙামাটিতে কঠোর নিরাপত্তা

রাঙামাটির রাজবন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিতব্য ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম।

সভায় জানানো হয়, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত, ভিক্ষু ও দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। তাই উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,কঠিন চীবর দান উৎসব রাঙামাটির সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

এ আয়োজনকে ঘিরে নিরাপত্তা, ট্রাফিক ও জননিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হবে। যেন আগত সকল ভক্ত ও পর্যটক নির্বিঘ্নে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; জেলার বিভিন্ন থানার ওসি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

সভায় কঠোর নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে—সিসিটিভি মনিটরিং, পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং অগ্নি নির্বাপণ ইউনিট স্থাপন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মোবাইল টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত তৎপরতায় এবারের কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং রাঙামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার দৃষ্টান্ত আরও সুদৃঢ় করবে।