দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৮ পিএম, ২০২৫-১০-১৬

দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দাবি বাস্তবায়ন না হলে খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্তরের জনগণ, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে উপজেলা সদরের চট্টগ্রাম–কাপ্তাই সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আন্তর্জাতিক, জাতীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা ক্রীড়াঙ্গনে সুনাম অর্জন করে আসছেন।

রাঙামাটির মারী স্টেডিয়াম, যার নামকরণ করা হয়েছে কাপ্তাইয়ের কৃতি সন্তান মারী খ্রিষ্টানের নামে—এটাই প্রমাণ করে কাপ্তাইয়ের ক্রীড়া ঐতিহ্য কত সমৃদ্ধ।

তাঁরা অভিযোগ করেন, “একটি মহল ষড়যন্ত্র করে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নিতে চাচ্ছে। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।” বক্তারা আরও বলেন, সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপি কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তখন সেটি এখানেই বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী খেলোয়াড় মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডা. রহমত উল্লাহ, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান, জামাল উদ্দিন, চম্রিং রাখাইন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কৃতি খেলোয়াড় নুর নাহার বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কবি ও লেখক মুহাম্মদ মুহসিন, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন এবং যুব সংগঠক মো. ইব্রাহীম

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এর মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।