দরিদ্র পরিবারের মাঝে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ সেনাবাহিনীর


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৫ পিএম, ২০২৫-১০-১৫

দরিদ্র পরিবারের মাঝে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় কাপ্তাই জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাপ্তাই জোন কমান্ডার প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক চাষীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়াড়সহ হাঁস ও মুরগি তুলে দেন।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কাপ্তাই, রাইখালী, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার মোট ৩০টি পরিবারকে (২১টি পাহাড়ি ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল ছাগল ও খোয়াড়সহ হাঁস-মুরগি প্রদান করা হবে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।