বিলাইছড়িতে নৌকা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫৬ পিএম, ২০২৫-১০-১৪

বিলাইছড়িতে নৌকা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নৌকা থেকে পড়ে গিয়ে লতা মার্মা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাইখ্যাং নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতা মার্মা ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শামুকছড়ি (কেংড়াছড়ি পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী এবং দীঘলছড়ি ঢেবা মাথা গ্রামের মৃত প্রভাত চন্দ্র চাকমার মেয়ে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছোট মেয়ের বয়স আড়াই বছর বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ভাসুরের এক শিশুসন্তানকে নিয়ে নৌকাযোগে বিলাইছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দেন লতা মার্মা। কেরণছড়ি এলাকার কাছে পৌঁছালে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে খোঁজ শুরু করে এবং সকাল ১১টা ২০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, লতা মার্মা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

নিহতের স্বামী মিলন কান্তি চাকমা বলেন, “প্রথমে শুনেছিলাম আমার ছোট ছেলে পানিতে পড়ে গেছে। পরে জানতে পারি স্ত্রী নদীতে পড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ছুটে আসার পথে দু’বার অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি হার্টের সমস্যায় ভুগছি, তাই সে আমার ঔষধ আনতেই বাজারে যাচ্ছিল।”

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুদ্দিন বলেন, “দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে লতা মার্মাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া লতা মার্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিবার থেকে অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।”