ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার


সিয়াম    |    ০৯:৪৪ পিএম, ২০২৫-১০-০৮

ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার

সিয়াম

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা কমিটির চার নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, আলেম-ওলামাদের মানসম্মান ক্ষুণ্ন করা, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ ও মহাসচিব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত চার নেতা হলেন—
হাফেজ মাওলানা মো. রহমত উল্লাহ,
হাফেজ মো. আব্দুল্লাহ,
মাওলানা মো. ইমাম উদ্দিন,
এবং হাফেজ মো. আব্দুল কাদের

বিবৃতিতে বলা হয়, দলীয় পদ ও পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, আলেম সমাজের মানহানি ঘটানো, সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও জেলা কমিটির পক্ষ থেকে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তারা তা অমান্য করেন। ফলে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়।

তাদের এ আচরণকে দলীয় গঠনতন্ত্রের ধারা ১১(ক) অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে গত ৫ অক্টোবর তারিখে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।