রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা


মেহেদী হাসান    |    ০৩:১১ পিএম, ২০২৫-১০-০৮

রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মেহেদী হাসান

রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং চলমান নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,অপরাধ দমন ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হলে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও নির্দেশনা দেন— থানাগুলোতে মামলা গ্রহণ ও তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা, মাদক কারবারি ও অপরাধী চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা এবং সাইবার জগতে প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি চালানোর জন্য।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তারা প্রতিশ্রুতি দেন— জেলার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবেন।