কাপ্তাই বিএফআইডিসি প্রাইমারি স্কুল থেকে শিল্প এলাকা পর্যন্ত সড়কের বেহাল দশা


সিয়াম    |    ১০:৫৬ পিএম, ২০২৫-১০-০৪

কাপ্তাই বিএফআইডিসি প্রাইমারি স্কুল থেকে শিল্প এলাকা পর্যন্ত সড়কের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি প্রাইমারি স্কুল থেকে শিল্প এলাকা বটগাছ পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘ ১৫ বছরেও এ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি এখন সারা শরীরে ক্ষতের মতো—সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনো নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই সড়কের পাশে রয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি), টিকে টিম্বার কারখানা, স্কুল, মাদরাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে তৎকালীন সংসদ সদস্য দীপংকর তালুকদার রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটি সংস্কার করেছিলেন। এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো সংস্কার কাজ হয়নি। ফলে আধা কিলোমিটার জায়গাজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

বিএফআইডিসি প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাদ্দাম হোসেন জানায়, “আঙ্কেল দেখুন, বই-খাতা নষ্ট হয়ে গেছে। সড়কের গর্তে পড়ে সব ভিজে গেছে। এই রাস্তা কি আর ঠিক হবে না?”

স্থানীয় মাদরাসা শিক্ষক হাফেজ আজিজ ছিদ্দিক বলেন, “এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এখন চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা জরুরি।”

কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, “দীর্ঘ ১৫-১৬ বছর আগে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটি নির্মিত হয়েছিল। এরপর আর কোনো সংস্কার হয়নি, তাই বর্তমানে এটি বেহাল অবস্থায় রয়েছে। এটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন নয়। তবে আমরা বিষয়টি জেলা পরিষদকে অবগত করেছি।”