সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৯ এএম, ২০২৫-০৩-০২

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। শনিবার দুপুরে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন- খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সময় বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, সাজেকে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনবাহিনী।

ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে বলে জানান তিনি। এছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন ও হাসপাতাল স্থাপন এবং পানি ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সাথে সভাও করেন তিনি।