এ দেশের তরুণ সমাজ বারে বারে প্রমাণ করেছে তারাই জাতির কান্ডারী : ডিসি


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৩ এএম, ২০২৫-০২-১৩

এ দেশের তরুণ সমাজ বারে বারে প্রমাণ করেছে তারাই জাতির কান্ডারী : ডিসি

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমাণ করেছে যে, দুর্দিনে তারাই জাতির কান্ডারী। বার বার রাজপথ থেকেই ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমাণের সূচনা করেছেন; সেই ৫২ হতে ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লব তারই স্বাক্ষর বহন করে। এবারও শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তরুণ সমাজ ঘুরে দাঁড়ালে কোনো বাধাই তাদের আটকে রাখতে পারে না, তাদের রক্ত কখনো বৃথা যায়না। তবে আমাদের ভূলে গেলে চলবে না তারুণ্য কি চায়, কোন চেতনায় জাতিকে এগিয়ে নিতে হবে।


তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে  ৪ টায় কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী তারুণ্যের উৎসবের শেষ দিনে যুব সমাবেশ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।  কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে  এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।


কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ছাত্রদলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত  বিএসপিআই এর ছাত্র তাহসিন কবির রাতুল, কাপ্তাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং তারুণ্য উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো: হোসেন।


পরে জেলা প্রশাসক তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।পরে  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।