বান্দরবানে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নুরুল কবির    |    ০৪:৩৮ পিএম, ২০২০-০৯-০২

বান্দরবানে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলি করে যুবলীগ নেতা মংসিং উ মার্মা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১১টার সময় বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  ‌বঙ্গবন্ধু মুক্তম‌ঞ্চে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী,  সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতারা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। 

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বাহিনী এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

উ‌ল্লেখ্য, মঙ্গলবার (১ সে‌প্টেম্বর) রা‌তে বান্দরবা‌নের বাঘমারায় জেএসএস (মূল) এর গু‌লি‌তে সদ্য যুবলী‌গে যোগ দেয়া  মংসিং উ মারমা নিহত হয়। এছাড়া গত ৭জুলাই একই এলাকায় সন্ত্রাসীদের গু‌লি‌তে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ ৬জন নিহত হয়।