বড়াদমে এলজিইডির নির্মাণাধীন ব্রীজ ভেঙ্গে এক শ্রমিক নিহত; আহত-১৭


আলমগীর মানিক    |    ০১:৪৫ পিএম, ২০২২-০৪-২৮

বড়াদমে এলজিইডির নির্মাণাধীন ব্রীজ ভেঙ্গে এক শ্রমিক নিহত; আহত-১৭

রাঙামাটি বড়াদমে নির্মাণাধীন ১২০ মিটার লম্বা ব্রীজের স্পেন ভেঙে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত এবং আরো ১৭ জন শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মোঃ রফিক (৩২)।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় রাঙামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় ব্রীজের স্পেন ঢালাইয়ের সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রফিক রাঙামাটি শহরের ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো এবং তার নিজ বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার হলদাকান্দা এলাকায় বলে জানাগেছে।

আহত শ্রমিকরা জানায় বৃহস্পতিবার সকালে বড়াদম এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মাধীন ব্রীজটিতে ঢালাই এর কাজ শুরু হয়। এতে ৬০ থেকে ৭০ জন শ্রমিক ঢালাইয়ের কাজে অংশগ্রহন করে। সকাল ১০ টার দিকে আকস্মিকভাবে ব্রীজের নতুনভাবে ঢালাই দেওয়া স্পেন ভেঙে শ্রমিক নিয়ে পড়ে যায়।

এসময় অন্তত ২৫ থেকে ৩০ জন শ্রমিক কমবেশি আহত হয়। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরীবিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শ্রমিক মোঃ রফিককে মৃত ঘোষণা করেন। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে সর্বমোট ১৮ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এসময় মোঃ রফিক মারা যায় এবং বাকি ১৭ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।