কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৯ পিএম, ২০২৬-০৯-২৭

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় এক আসামির কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দি এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম (৩৫)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি মৃত তুলা মিয়ার ছেলে। তার মায়ের নাম নুরজাহান। পুলিশ জানায়, তার হেফাজত থেকে উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া শান্তিনগর ফিসারিঘাট এলাকার বাসিন্দা মো. বিল্লাল (৫৫)-কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত আবুল সৈয়দের ছেলে।

অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে আরও চারজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করে।

তারা হলেন রিজার্ভ বাজার নিচের রাস্তা এলাকার মো. রুবেল (২৩), রিজার্ভ বাজার মাস্টার টেইলার্স এলাকার মো. আব্দুল কাদের (২৫), তবলছড়ি নিচের বাজার এলাকার মো. সোহেল (৩৩) এবং একই এলাকার মো. আনোয়ার হোসেন (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রুবেল, আব্দুল কাদের, সোহেল ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, গাঁজাসহ গ্রেপ্তার নাজমুল ইসলাম এবং মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার বিল্লালের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।