রাজস্থলীতে রাঙামাটি-২৯৯ আসনের এমপির প্রতিনিধি হলেন আবুল হাসেম মেম্বার


আজগর আলী খান    |    ০৯:৫৫ পিএম, ২০২৬-০৯-২৫

রাজস্থলীতে রাঙামাটি-২৯৯ আসনের এমপির প্রতিনিধি হলেন আবুল হাসেম মেম্বার

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার।

সংসদ সদস্য দীপেন দেওয়ানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আবুল হাসেম মেম্বারকে রাজস্থলী উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন আবুল হাসেম মেম্বার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল হাসেম মেম্বার বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি বলেন, জনগণের কল্যাণে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই তাঁর প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

আবুল হাসেম মেম্বার আরও বলেন, তিনি দীর্ঘ ১৯ বছর ধরে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।