রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী-সেবীসহ গ্রেপ্তার ৮


আলমগীর মানিক    |    ০১:৩০ এএম, ২০২৬-০৯-১৮

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী-সেবীসহ গ্রেপ্তার ৮

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে তিনজন, চুরি সংগঠনের অভিযোগে একজন এবং সিআর পরোয়ানামূলে একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন পিন্টু দাশ (৪০), মো. আলভী জাবরান প্রকাশ তানহা (৩৫) ও মো. জুয়েল (২৬)। তাদের মধ্যে পিন্টু দাশ রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনিতে বসবাস করেন। মো. আলভী জাবরান প্রকাশ তানহার ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আসামবস্তি বাজার এলাকায় এবং মো. জুয়েলের ঠিকানা ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি এলাকায়।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. ইমরান (৩৮), মো. জাহেদ (২৯) ও অমর জ্যোতি চাকমা (২৬)কে। ইমরান ও জাহেদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লেচুবাগান এলাকায়। অমর জ্যোতি চাকমার বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায়।

এ ছাড়া চুরি সংগঠনের অভিযোগে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিমুলতলী এলাকার মো. মোবারক হোসেন রায়হান (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, সিআর পরোয়ানামূলে জেসমিন বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙামাটি সদর উপজেলার রাঙাপানি হ্যাচারি এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আটজনের মধ্যে মো. ইমরান, মো. জাহেদ, মো. মোবারক হোসেন রায়হান ও জেসমিন বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

বাকি চারজনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।