রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময়


আলমগীর মানিক    |    ০৮:৩৯ পিএম, ২০২৬-০৯-০৮

রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময়

আলমগীর মানিক

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সীমিত সম্পদ ও জনবলকে সর্বোচ্চ কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা, সেগুলোর টেকসই সমাধান এবং সীমিত জনবল ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ এবং সেবার পরিবেশ আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। রোগীরা যাতে হাসপাতালে এসে হয়রানি বা অবহেলার শিকার না হন এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে স্বস্তিবোধ করেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতাল পার্বত্য জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ ও হাসিমুখে সেবা দেওয়ার মাধ্যমে হাসপাতালটিকে একটি স্বাস্থ্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি হাসপাতালের অবকাঠামোগত সমস্যা ও জনবল সংকট নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের নেতৃত্ব ও পরামর্শে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।