কোতয়ালী থানার বিশেষ অভিযান: ডাকাত-চোর-মাদক কারবারিসহ গ্রেফতার ১২


আলমগীর মানিক    |    ০৩:৫০ পিএম, ২০২৬-০৯-০৭

কোতয়ালী থানার বিশেষ অভিযান: ডাকাত-চোর-মাদক কারবারিসহ গ্রেফতার ১২

আলমগীর মানিক

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে কর্মচারী কলোনির বাসিন্দা মো. ফজল করিম (৩৬)কে ডাকাতি সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়। অপরদিকে মিরাজুল ইসলাম রনি (২৬)কে চুরি সংগঠন এবং বসতঘরে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯) ও পুলক দেব (৪৫)-কে মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সিলেটি পাড়া এলাকার বাসিন্দা মিরাজ মিয়া (৪৭)কে সিআর পরোয়ানামূলে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদেরও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।